# ***তরুণ নক্ষত্রের ছবি প্রকাশ***
একটি নক্ষত্র সৃষ্টির শুরুর দিকে ছবি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে ওই ছবিটি তোলা হয়। গবেষকরা বলছেন, ‘হাজার হাজার বছর আগে আমাদের সূর্য দেখতে কেমন ছিল, ছবিটি থেকে সে বিষয়ে ধারণা করা যায়।’
বিরল এই ছবিতে দেখা যাচ্ছে, তরুণ নক্ষত্রটির মেরুগুলো থেকে বিস্ফোরিত উজ্জ্বল গ্যাস দুই দিকে ছড়িয়ে পড়ছে।
তরুণ নক্ষত্রটির নাম হারবিগ-হারো (এইচএইচ) ২১১। এটি পৃথিবী থেকে এক হাজার আলোকবর্ষ দূরে পারসিয়াস নক্ষত্রমণ্ডলে অবস্থিত। সেকেন্ডে এক লাখ ৮৬ হাজার মাইল গতিতে এক বছরে আলো যত দূর যায়, তা-ই এক আলোকবর্ষ দূরত্ব।
ছবিটি সম্পর্কে নাসা জানিয়েছে, ‘যদি আমরা সূর্যের প্রাথমিক দিকের ছবি তুলতে পারতাম, তাহলে হয়তো সূর্যটিও এমনই দেখাত।
তরুণ এই নক্ষত্রটির বয়স এখন কয়েক হাজার বছর মাত্র। পূর্ণ বয়সে পৌঁছানোর পর এটি আমাদের সূর্যের মতো বড় হবে।’
নাসা আরো জানায়, নক্ষত্রটির বর্তমান ভর সূর্যের ভরের ৮ শতাংশ। এটি শেষ পর্যন্ত সূর্যের মতো নক্ষত্রে পরিণত হবে বলে অনুমান করা হচ্ছে।
নক্ষত্র থেকে যখন বিস্ফোরিত গ্যাস দুই দিকে ছড়িয়ে পড়ে, তখন আশপাশের গ্যাস ও অন্যান্য বস্তুর সঙ্গে এর সংঘর্ষ হয়। শব্দের গতিতে ছড়িয়ে পড়া এ গ্যাসের সঙ্গে আশপাশের গ্যাসের সংঘর্ষের ফলে এক ধরনের উজ্জ্বল আলোর সৃষ্টি হয়।
সূত্র : এনডিটিভি
